রোমার কোচ হচ্ছেন না ক্লপ, গুজব উড়িয়ে দিল এজেন্ট

ইয়ুর্গেন ক্লপ।

ইতালিয়ান ক্লাব এএস রোমার নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপ নিয়োগ পাচ্ছেন—এমন গুজব উড়িয়ে দিয়েছে এই জার্মান কোচের এজেন্ট।

সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্টাম্পা দাবি করে, চলতি মৌসুম শেষে ক্লদিও রানিয়েরির বিদায়ের পর ক্লপ রোমার দায়িত্ব নিতে রাজি হয়েছেন। রানিয়েরি বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রয়েছেন এবং মৌসুম শেষে পদত্যাগ করবেন বলে জানা গেছে। 

তবে কাতারভিত্তিক উইনউইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপের এজেন্ট মার্ক কোসিকে বলেছেন, ‘রোমার নতুন ম্যানেজার হিসেবে ক্লপের নাম যুক্ত হওয়ার খবরটি সত্য নয়।

গত মৌসুম শেষে লিভারপুলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্লপ। এরপর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তিনি কাজ করছেন রেড বুল গ্রুপের হয়ে।

যদিও মাঝে মাঝেই ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে ফেরার জল্পনা উঠে এসেছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রিয়াল মাদ্রিদের আগ্রহ। শোনা যায়, কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হিসেবে ক্লপকে কোচ হিসেবে চাইছিল স্প্যানিশ জায়ান্টরা।

তবে ধারণা করা হয়, ক্লপ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। 

২০২৪ সালের জানুয়ারিতে ক্লপ জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে আর কোচিংয়ে ফিরবেন না। তখন তিনি বলেছিলেন, ‘আপনি যদি জিজ্ঞেস করেন, আমি কি আবার কখনো ম্যানেজার হবো? আমি এখন বলব না। তবে আমি এটা নিশ্চিত জানি, আমি ইংল্যান্ডে লিভারপুল ছাড়া আর কোনো ক্লাবকে কখনোই কোচিং করাব না।


LEAVE A REPLY