মাধুরীর নাচ ‘অশালীন’ পোস্টে ‘লাইক’ দিয়ে বিপাকে জাহ্নবী

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইক’ দিয়ে বিপাকে পড়েছেন জাহ্নবী কাপুর। যা নিয়ে একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।  

সোশ্যালে ছড়িয়ে পড়া এক ভিডিওর ক্যাপশনে দেখা যায়, মাধুরী দীক্ষিতের নাচ ‘অশালীন’। সেই তুলনায় নৃত্যশৈলীতে এগিয়ে ছিলেন শ্রীদেবী।

জাহ্নবী কাপুরও কি এমন মনে করেন? 

ভিডিওটিতে মাধুরী ও শ্রীদেবীকে নিয়ে এমন তুলনা করা হয়েছে। আর সেই ভিডিওটি ‘লাইক’ করেছেন শ্রীদেবীকন্যা। কারও নজর এড়ায়নি অভিনেত্রীর ‘লাইক’। তার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী।

১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে ‘ধক ধক করনে লগা’ গানে মাধুরীর নাচ নিয়ে আজও চর্চা হয়। অভিনেত্রীর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল সেই সময়ে। সেই নাচ নাকি ‘অশালীন’! মাধুরীর সঙ্গে সেই ভিডিওতে তুলনা করা হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। একই বছরে মুক্তি পাওয়া ‘খুদা গওয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয় ও নাচের জয়জয়কার করা হয়েছে সেই ভিডিওতে।

ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, “গোটা ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধক ধক করনে লগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদা গওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”

এই ভিডিওতে ‘লাইক’ করতেই স্পষ্ট হয়, ওই বক্তব্যকে সমর্থন করছেন জাহ্নবী। তার পরেই রোষানলে পড়েন অভিনেত্রী।

নিন্দুকেরা কটাক্ষ করে বলেন, “এবার হয়তো জাহ্নবীও বিরাট কোহলির মতো বলবেন, প্রযুক্তির ভুলে এই ভিডিওতে তিনি লাইক করেছেন।” অনেকের আবার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য এই ভিডিওতে ‘লাইক’ করেছেন অভিনেত্রী। 

কিছু দিন আগে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীত কৌরের সাহসী ছবিতে ‘লাইক’ করে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। তার পরেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “প্রযুক্তিগত কারণে লাইক পড়ে গিয়েছে।”

LEAVE A REPLY