বাংলাদেশি তারকারা
বেলজিয়াম মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সব তারকা। বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২৯ জুন হতে যাচ্ছে ‘বৈশাখী মেগাকনসার্ট-১৪৩২’।
কনসার্টটি অনুষ্ঠিত হবে লিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে।
মৌসুমী মৌ’র উপস্থাপনায় এই আয়োজন মাতাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল, চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা।
এতে আরো থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান।
বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনা মূল্যে।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক তপন রায় বলেন, এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ।
প্যারিস, লিয়েজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এই চতুর্থ ইউরোপীয় সফরের।
বেলগো বাংলার সাংগঠনিক সম্পাদক চয়ন রায় বলেন, এ উৎসব কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং ইউরোপে বসবাসরত যেকোনো সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।










































