‘এত সুন্দরী নারীর বাবার মতো হতে চাই না’, কঙ্গনা প্রসঙ্গে জাভেদ আখতার

কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতার

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত এবং বলিউডের বর্ষীয়ান লেখক ও গীতিকার জাভেদ আখতার বিবাদে জড়িয়ে পড়েছিলেন। প্রায় পাঁচ বছর ধরে চলা সেই বিবাদ সম্প্রতি শেষ হয়। ২০২০ সালে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেন কঙ্গনা। শেষ পর্যন্ত পাঁচ বছর পর ২০২৫ সালে আদালতে জাভেদ আখতারের কাছে ক্ষমা চান কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সেই ক্ষমাপ্রার্থনার কথা জানালেন জাভেদ আখতার। তিনি জানান, কঙ্গনার আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন, কঙ্গনা তাকে পিতৃতুল্য মনে করেন, ক্ষমা চেয়ে বিবৃতিতে তাকে পিতৃতুল্য হিসেবে উল্লেখ করতে চান। তখন জাভেদ বলেন, এত সুন্দরী মেয়ের বাবা হতে চান না তিনি।

জাভেদ আখতার বলেন, ‘আদালতে কঙ্গনার সঙ্গে দেখা হয়েছিল।

বিচারকের সামনেই শর্তহীন ক্ষমা চেয়েছিলেন। ওর কাছ থেকে আমি কোনও টাকাই চাইনি। ৫০ কোটিও নয়, ৫ টাকাও নয়। আমি শুধু ক্ষমাই আশা করেছিলাম।

বিচারকের সামনেই ও লিখিত ক্ষমা চেয়েছিল।’ আনুষ্ঠানিক ভাবে ক্ষমাপর্ব মিটে যাওয়ার পরে মেজাজ হাল্কা হয়েছিল দুজনেরই। মুখোমুখি কথা বলেছিলেন জাভেদ ও কঙ্গনা। অভিনেত্রী সেই দিন দাবি করেছিলেন, তার পরের ছবির গান লিখতে হবে জাভেদ আখতারকেই। রাজি হয়েছিলেন বর্ষীয়ান গীতিকার।

এর ঠিক পরেই কঙ্গনার আইনজীবী জিজ্ঞাসা করেছিলেন, ‘কঙ্গনার লিখিত বিবৃতিতে আমরা লিখব, আপনি কঙ্গনার বাবার মতো। পিতৃতুল্য মানুষ হিসেবে কঙ্গনা আপনাকে শ্রদ্ধা করেন।’ সঙ্গে সঙ্গে জাভেদ বলেছিলেন, ‘আমি এত সুন্দরী একজন নারীর বাবার মতো হতে চাই না।’

এর পরে জাভেদ আরও বলেন, ‘সব কিছু মিটে গিয়েছে। আমি লিখিত ক্ষমা দাবি করেছিলাম। সেটা পেয়েছি। ও প্রতিজ্ঞা করেছে, আমার সঙ্গে আর কখনও খারাপ ভাবে কথা বলবে না। ও আগে যা বলেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। সেটা ও মেনে নিয়েছে। তাই আর ক্ষোভ পুষে রেখে লাভ কী? আবার দেখা হলে, ওর সঙ্গে ভাল ভাবেই কথা বলব।’

কঙ্গনা ও জাভেদের দ্বন্দ্বের সূত্রপাত ২০২০ সালে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এক সাক্ষাৎকারে জাভেদ আখতারের নামসহ একাধিক তারকার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন তিনি। কঙ্গনা বলেছিলেন, জাভেদ আখতার তাকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দিয়েছিলেন। এরপর কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতারও। ২০২১ সালে জাভেদ আখতারের বিরুদ্ধে আরেকটি মামলা করেন কঙ্গনা। তার অভিযোগ ছিল, জাভেদ তাকে ক্ষমা চাইতে চাপ দিচ্ছিলেন। তবে জাভেদের করা মামলায় কঙ্গনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন আদালত। জানান, গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে অভিনেত্রীর বিরুদ্ধে। অবশেষে এ বছর ফেব্রুয়ারিতে জাভেদ আখতার তার মামলা তুলে নেন এবং কঙ্গনার সঙ্গে সমঝোতা করতে রাজি হন।

LEAVE A REPLY