সংগৃহীত ছবি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল রবিবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেতও দেখাতে বলা হয়েছে।
তবে আবহাওয়াবিদরা বলছেন, দেশের বৃষ্টিপাতে এই লঘুচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। গত কিছুদিনের ধারাবাহিকতায় আগামী কিছুদিনও দেশে বৃষ্টিপাত কম থাকতে পারে।
আগামী ৪ জুলাইয়ের পর আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপটি উপকূলের গা ঘেঁষে আছে। ফলে এটি শক্তি সঞ্চয় করার সুযোগ পাবে না। এর আগেই স্থলভাগে উঠে যেতে পারে।
আগামী দুই দিনে (সোম ও মঙ্গলবার) লঘচাপটি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে।’
এদিকে গতকাল জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।










































