সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, ঐক্য এবং সার্বভৌমত্ব নিশ্চিত করে দেশটির পুনর্গঠনে যৌথ প্রচেষ্টাকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরবের মন্ত্রিসভা।
মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
মঙ্গলবার সাপ্তাহিক বৈঠকে, সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়া ইস্যুতে একাধিক ‘ভ্রাতৃপ্রতিম’ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে যৌথ বিবৃতি দিয়েছেন, তার প্রতি সমর্থন জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে সিরিয়ার জনগণের জন্য সৌদি আরবের দেওয়া ত্রাণ ও মানবিক সহায়তার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
এছাড়া মন্ত্রিসভা গাজায় যুদ্ধ অবসান এবং বেসামরিক জনগণের কাছে ত্রাণ পৌঁছাতে ইসরাইল যে বাধা সৃষ্টি করছে, তার নিন্দা জানিয়ে ২৮টি দেশের দেওয়া এক যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছে।আরও পড়ুন
বিবৃতিতে ইসরাইলের ওপর অবরোধ তুলে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের বাসিন্দাদের কাছে নিরাপদে ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রিসভা আরও একবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরাইলের অবাধ্যতা এবং ইচ্ছাকৃতভাবে চলমান সংকট দীর্ঘায়িত করার প্রবণতার মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ নিতে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে।










































