শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার রাতে নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে ১১১৬ মেইন পিলার দিয়ে ২১ জন রোহিঙ্গা নাগরিককে পুশইন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান।
বিজিবি আরও জানায়, আটকরা ৬টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে জম্মু-কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসাবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করেন। মাসখানেক আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের ধরা হয়। সেখানে আটকরা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসাবে ছিল বলে পরিচয় দেয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
কর্নেল মেহেদি হাসান জানান, আটকদের বিষয়ে অধিকতর যাচাই এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ।










































