এবার কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়লেন মেসি–রোকুজ্জো

রোববার রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে লিওনেল মেসি হাজির হয়েছিলেন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে ফুটবল খেলার জন্য নয়, কোল্ডপ্লের কনসার্ট উপভোগ করতে।

এই বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ডের যুক্তরাষ্ট্র সফরের শেষ শো ছিল এটি। সাদা ঢিলেঢালা হাওয়াই শার্ট, কালো প্যান্ট ও স্নিকার পরে ছিলেন মেসি; স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো পরেছিলেন কালো স্লিভলেস টপ আর ব্যাগি প্যান্ট।

কনসার্টে এক মুহূর্তে স্টেডিয়ামের কিস ক্যামে ধরা পড়ে এই দম্পতি। স্ক্রিনে মেসি-রোকুজ্জো জুটিকে দেখেই গ্যালারিতে শুরু হয় হর্ষধ্বনি, উচ্ছ্বাস আর করতালি। মেসি ও রোকুজ্জো একটু লাজুক হাসি দিয়ে হাত নাড়েন দর্শকদের দিকে। সেই মুহূর্তে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন বলেন, ‘আজ আমাদের শো দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’

পুরো স্টেডিয়াম তখন এক কণ্ঠে চিৎকার করে ওঠে, ‘মেসি! মেসি!’

পরে রোকুজ্জো ইনস্টাগ্রামে কনসার্টের কিছু ছবি শেয়ার করলে সেগুলোতে আসতে থাকে একের পর এক মন্তব্য। বেশিরভাগই মুগ্ধতা আর ভালোবাসায় ভরা। তবে এক ভক্ত মজার ছলে লিখেছেন, ‘তাদের কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়া উচিত ছিল, তাহলে খুব মজা হতো।’

এই মন্তব্যের পেছনে ছিল সাম্প্রতিক একটি কনসার্টের ঘটনা। ১৬ জুলাই বোস্টনে কোল্ডপ্লের কনসার্টে কিস ক্যামে ধরা পড়েন এক সফটওয়্যার সংস্থার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ প্রধান ক্রিস্টিন ক্যাবট। ক্যামেরায় ধরা পড়তেই দুজন হঠাৎ করেই সরে যান। কারণ, বায়রন বিবাহিত এবং তার স্ত্রী অন্য শহরে থাকেন।

তবে মেসি ও রোকুজ্জোর গল্প একদম আলাদা। কিশোর বয়স থেকেই তাদের প্রেমের শুরু, ২০১৭ সালে বিয়ে এবং এখন তিন সন্তানের ঘর। এই সুখী জুটিকে এক ফ্রেমে দেখে আনন্দে ভেসেছে তাদের ভক্তরাও।

কোল্ডপ্লের মঞ্চে যখন বাজছিল গিটার, তখন স্টেডিয়ামের বড় স্ক্রিনে এক হৃদয়গ্রাহী মুহূর্ত—মেসি ও রোকুজ্জোর ভালোবাসার এক অনন্য প্রকাশ।

LEAVE A REPLY