জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তোলা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
২০ আগস্ট জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি এলয় আলফারো দে আলবার কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, এসব অভিযোগ ‘অবিশ্বাস্য, যাচাইযোগ্য প্রমাণবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি উল্লেখ করেন, ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন-সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলই এ অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস এবং তারা ইরানি জাহাজে হামলা চালানোসহ নানা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত।
চিঠিতে ইরাভানি ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন এবং একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে নিরাপত্তা পরিষদকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।
ইরান জানায়, তারা কখনো ইয়েমেনে অস্ত্র সরবরাহ করেনি এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।










































