টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী অভিনীত ‘বহুরূপ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ অভিনেতার বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন সময়ের আলোচিত বাংলার ক্র্যাশখ্যাত অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি মুক্তির আগেই এবার মুক্তি পেয়েছে এর গান— ‘হারিয়ে যাই’।
এ তারকা জুটি নেটদুনিয়ায় সত্যি সত্যি হারিয়ে গেলেন। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে গানটি। আর এ গানটি মুক্তি পেয়েছে সারেগামাপা বাংলা ইউটিউব চ্যানেল ও লিডিং ওটিটি প্লাটফর্মে। যদিও এর আগেই এ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে সিনেমা ‘বহুরূপ’।
এ সিনেমায় বৃহন্নলার সাজে সোহমের চিৎকার যেমন বুক কাঁপিয়ে দেবে, ঠিক তেমনি প্রেমিকের পাশে দাঁড়ানো ইধিকা পালের আপনার মন জয় করে নেবে। গোটা যুদ্ধটাই কী শত্রুদের বিরুদ্ধে নাকি গোটা সিস্টেমের বিরুদ্ধে?— এমন হাজারো প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এ ট্রেলারের মধ্যে।
‘বহুরূপ’ সিনেমার ট্রেলারে দেখা গেছে, শহরে একের পর এক খুন হচ্ছে, যার কিনারা করতে পারছে না পুলিশ। কখনো রাস্তার ধারে মুন্ডু কাটা শরীর, কখনো পড়ে রয়েছে নারীর মৃতদেহ, আবার কখনো হচ্ছে শিশু মৃত্যু। কিন্তু এতগুলো মৃত্যুর পেছনে একটাই যোগসূত্র রয়েছে, সেটি হলো কবিতা।
এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘বহুরূপ’ সিনেমাটি। আকাশ মালাকারের পরিচালনায় এ সিনেমাটির প্রযোজক চন্দনকান্তি সরকার ও সুশান্ত বিশ্বাস। সিনেমায় সোহম ও ইধিকা পাল ছাড়াও অভিনয় করেছেন লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত প্রমুখ।
সোহমের বিপরীতে ইধিকাও যেন সমানভাবে সাবলীল। বহুরূপ সিনেমার ‘হারিয়ে যাই’ গানটি প্লেব্যাক করেছেন কুনাল গাঞ্জাওয়ালা, অন্তরা মিত্র ও অর্পিতা দাস। এ গানটি শুনলে এক লহমায় আপনি পিছিয়ে যাবেন অনেকটা বছর। ‘অমানুষ’ অথবা ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার গানের কথা মনে পড়ে যাবে আপনার। বহুদিন বাদে আবার সোহমকে সেই পুরোনো রূপে দেখে ভীষণ খুশি দর্শকরা।
উল্লেখ্য, গতকাল রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠানে বৃদ্ধ সেজে উপস্থিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। আসন্ন ‘বহুরূপ’ সিনেমার প্রচারের এসেছিলেন তিনি। শুধু বৃদ্ধ নয়, এমন সাতটি গেটআপে দেখা যাবে সোহম চক্রবর্তীকে, তাই হয়তো এ সিনেমার নাম হয়েছে ‘বহুরূপ’।








































