ইসরাইলে আটক চার ফরাসি সংসদ সদস্য অনশনে

ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরাইলের হাতে আটক হওয়া চারজন ফরাসি সংসদ সদস্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল।

বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি। কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে।

তিনি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ এবং পানির নাগাল পাওয়া কষ্টকর।

ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন।

ওব্রি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান।

ইসরাইল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পর ৩০ জন ফরাসি নাগরিককে আটক করেছে। ৪৫টি জাহাজের ওই বহরটি গাজায় অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে।

LEAVE A REPLY