ছবিসূত্র : এএফপি
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বব্যাপী মাদক বাণিজ্যে তার সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞার তালিকায় তার স্ত্রী, জ্যেষ্ঠ পুত্র এবং কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আমেরিকান নাগরিকদের ক্ষতি করছে।
নিষেধাজ্ঞার জবাবে প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি একজন মার্কিন আইনজীবী নিয়োগ করেছেন এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন।
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকবিরোধী লড়াই করে আসার কারণে আজ আমি এ ধরনের নিষেধাজ্ঞার শিকার হয়েছি। এটি একটি অদ্ভুত পরিহাস, তবে আমরা কখনো পিছু হটব না।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের নামে দক্ষিণ ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে।
ওই অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে পেত্রো সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
পেত্রো যুক্তরাষ্ট্রের মাদকবাহী নৌকায় বিমান হামলার তীব্র সমালোচনা করে মার্কিন বাহিনীকে ‘খুনি’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এসব নৌকায় কিছু নিরীহ কলম্বিয়ান নাগরিক ছিলেন।
গত দুই মাসে ক্যারিবীয় সাগরে অন্তত দুটি মার্কিন হামলায় কলম্বিয়ার নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
সূত্র : রয়টার্স, বিবিসি











































