নিষেধাজ্ঞা পেরিয়ে মাঠে নামার অপেক্ষায় পগবা

নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে পল পগবা। ছবি : রয়টার্স

দীর্ঘ নিষেধাজ্ঞা ও চোটের ধাক্কা পেছনে ফেলে শিগগিরই মাঠে ফিরতে পারেন ফরাসি তারকা পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই মিডফিল্ডার এএস মোনাকোর হয়ে অভিষেকের খুব কাছাকাছি বলে জানিয়েছেন ক্লাবের কোচ সেবাস্তিয়ান পোকোনিওলি।

৩২ বছর বয়সী পগবা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। নিষিদ্ধ পদার্থ ডিএইচইএ-তে পজিটিভ ধরা পড়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে ক্রীড়া সালিশ আদালতে আপিলের পর সেই নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাসে আনা হয়।

গত জুনে ফ্রি ট্রান্সফারে মোনাকোতে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা। ধীরে ধীরে ফিটনেস ফিরে পেতে থাকা পগবাকে নিয়ে এখন ক্লাবজুড়ে বাড়ছে প্রত্যাশা, যদিও কোচ চান বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি বজায় রাখতে।

পোকোনিওলি বলেন, ‘সব কিছু এখন পর্যন্ত ভালোই চলছে।

আমি আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই সে স্কোয়াডে ফিরবে। তবে ফিরেই তাকে পুরনো পগবা হিসেবে দেখার আশা করা ঠিক নয়। বয়স, অভিজ্ঞতা ও সময় সব কিছুই একজন খেলোয়াড়কে বদলে দেয়।’

তিনি আরো যোগ করেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড বা জুভেন্টাসের পগবা এক সময়ের গল্প।

এখনকার পগবাকে তার বর্তমান অবস্থান অনুযায়ী মূল্যায়ন করতে হবে। তার টেকনিক এখনো দারুণ। ম্যাচের গতি ও প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা বুঝতে পারব সে কতটা প্রস্তুত।’

মোনাকো বর্তমানে লিগ ওয়ানে ষষ্ঠ স্থানে রয়েছে। দলটি বুধবার রাতে নঁতের বিপক্ষে মুখোমুখি হবে, আর সেখানেই হয়তো শুরু হতে পারে পগবার নতুন অধ্যায়ের কাউন্টডাউন।

LEAVE A REPLY