দুই বছর আগে গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। তার হৃদযন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ায় দ্রুত অ্যানজিওপ্লাস্টি করতে হয়। এই ঘটনার পর তার ভক্তরা ভীষণ চিন্তায় পড়ে যান। সম্প্রতি হার্ট অ্যাটাকের অভিজ্ঞতা নিয়ে দিব্যা জৈনের এক পডকাস্টে তিনি সেই ভয়াবহ সময়ের অভিজ্ঞতা সহজভাবে শেয়ার করেন।
সুস্মিতা জানান, হার্ট অ্যাটাকের সময় তিনি পুরোপুরি সচেতন ছিলেন। এমনকি অ্যানজিওপ্লাস্টির সময়ও তিনি অজ্ঞান হতে চাননি। তার ভয় ছিল, অচেতন হলে যদি আর জ্ঞান না ফেরে! নিজের স্বভাবগত নিয়ন্ত্রণ বোধের কারণেই তিনি জেগে থাকার সিদ্ধান্ত নেন। তার কথায়, ‘ডাক্তাররা বলেছিলেন, আমি তখন খুব অধৈর্য ছিলাম।অচেতন হতে চাইনি। আমি মনে করি, সজাগ ছিলাম বলেই আমি বেঁচে ফিরে এসেছি।’
তিনি জানান, তার সামনে দুইটি পথ ছিল, সচেতন থেকে সব কিছু সহ্য করা অথবা অচেতন হয়ে পড়া এবং হয়তো আর জেগে না ওঠা। তিনি প্রথম পথটাই বেছে নেন।
অপারেশনের সময়ও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন, তাদের তাড়া দিচ্ছিলেন, কারণ তিনি দ্রুত কাজে ফিরতে চেয়েছিলেন। জয়পুরে শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা, তাই চিকিৎসা শেষে আবার কাজে ফেরার জন্য অপেক্ষা করছিলেন। অ্যানজিওপ্লাস্টির মাত্র দুই সপ্তাহ পরই তিনি একটি ফ্যাশন শোর মাধ্যমে আবার কাজে যোগ দেন।
সূত্র : আনন্দবাজার











































