সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে আসন্ন আইপিএল মিনি নিলামকে ঘিরে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের খেলোয়াড় বিক্রির রঙিন আসর। মোট ৭৭টি স্লট খালি রয়েছে দলগুলোর কাছে, যার মধ্যে বিদেশিদের জন্য জায়গা মাত্র ৩১টি।
এবারও বিদেশি তারকাদের ঘিরে নিলাম টেবিলে ‘বিড-ঝড়’ উঠবে বলে ধারণা করা হচ্ছে।
তবে যতই দৌড়ঝাঁপ হোক, বিদেশি ক্রিকেটারদের বেতনের ওপর লাগাম টেনে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নতুন নিয়মে মিনি নিলামে কোন বিদেশি খেলোয়াড়ের দাম ১৮ কোটি রুপির বেশি উঠলেও সেই অঙ্ক খেলোয়াড় পাবেন না। অতিরিক্ত টাকাটি যোগ হবে বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে।
এবারের নিলামে নাম দিয়েছেন মোট ১,৩৫৫ জন ক্রিকেটার, ১৪টি দেশের প্রতিনিধিরা আছেন এই তালিকায়।
২ কোটি রুপি বেস প্রাইসে নিজেদের নাম তুলেছেন ৪৫ জন ক্রিকেটার, যার মধ্যে ৪৩ জনই বিদেশি।
বিদেশিদের তালিকায় আছেন ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডির মতো তারকারা। বিশেষ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে বলে শোনা যাচ্ছে।
বরাদ্দ ব্যয়ের অঙ্কে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে প্রায় ৬৪.৩ কোটি রুপি, ফলে গ্রিন-দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে তাদেরই।
যদিও ২০২৩ সালের মিনি নিলামে মিচেল স্টার্ক পেয়েছিলেন ২৪.৭৫ কোটি আর প্যাট কামিন্স ২০.৫ কোটি রুপি—এবার সে রকম অঙ্ক ওঠার সম্ভাবনা থাকলেও তারা হাতে পাবেন সর্বোচ্চ ১৮ কোটি রুপি পর্যন্তই।
নিয়ম বলছে, ভবিষ্যতে মহানিলামে কারো দর ২০ কোটি ছুঁলেও বেতনসীমা থাকবে ১৮ কোটিতেই।











































