গোলের পর আর্সেনাল খেলোয়াড়দের উদযাপন। ছবি : রয়টার্স
এভারটনের বিপক্ষে হিল ডিকিনসন স্টেডিয়ামে ঘাম ঝড়ানো জয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ফুটবলটা খুব চোখধাঁধানো না হলেও শিরোপা দৌড়ে সবচেয়ে দরকারি তিন পয়েন্ট তুলে নিল মিকেল আর্তেতার দল।
একই রাতে ওয়েস্টহামকে হারিয়ে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ম্যানচেস্টার সিটি। হারানো স্থান পুনরুদ্ধারে এভারটনের মাঠে তাই ভুল করার সুযোগ ছিল না আর্তেতার শিষ্যদের।
জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, সেভিয়াকে হারাল রিয়াল
শুরু থেকেই বলের দখল রাখলেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার পায়নি আর্সেনাল। তবে ব্রেকথ্রু আসতে খুব একটা সময় লাগেনি গানার্সদের। ২৭তম মিনিটে ডেকলান রাইসের নেওয়া কর্নারে অযথা হাত লাগান এভারটন ডিফেন্ডার জেক ও’ব্রায়েন। ভিএআর না দেখেই সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট-কিক থেকে জোরালো শটে জাল কাঁপান ভিক্টর গিয়োকেরেস।
গোলের পরও ম্যাচে ছন্দ ফেরাতে পারেনি আর্সেনাল। বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল একাধিকবার। লিয়ান্দ্রো ত্রোসার্দ ও মার্টিন সুবিমেন্দির শট পোস্টে লেগে ফিরে আসে।
ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ অনেক আগেই নিজেদের করে নিতে পারত গানার্সরা।
এভারটন শেষ দিকে চাপ বাড়ালেও আর্সেনালের রক্ষণ ছিল বেশ সজাগ। গোলমুখে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে আর্তেতার দল।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেল আর্সেনাল।
একই সঙ্গে এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান দাঁড়াল ছয় পয়েন্টে।










































