মুস্তাফিজকে ছাড়ার পর নীরবতা ভাঙল কেকেআর

আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশ দেওয়ার পর অবশেষে নীরবতা ভাঙল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএল ২০২৬ মিনি নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটায় আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়। শেষ পর্যন্ত সেই দাবিতে সাড়া দিয়েছে বিসিসিআই।

‘ভালো সিদ্ধান্ত বিসিসিআইয়ের! বাংলাদেশের উচিত ভারতকে বয়কট করা!’—এমন নানা মন্তব্যে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

বিসিসিআইয়ের নির্দেশের পর কেকেআর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দেওয়া হয়েছে। কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই/আইপিএল আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের প্রক্রিয়া ও পরামর্শ সম্পন্ন করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আইপিএল বিধি অনুযায়ী কেকেআরকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।’

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান নিজে কোনো ভুল না করলেও এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়েছেন। দুই দেশের ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এর ফলে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকে এখন মুস্তাফিজকে ছাড়াই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে।

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন। শুধু ২০১৯ ও ২০২০ মৌসুমে তিনি অংশ নেননি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেকের প্রথম মৌসুমেই শিরোপা জয়ের স্বাদ পান মুস্তাফিজ।

এ পর্যন্ত আইপিএলে তিনি ৬০টি ম্যাচ খেলেছেন এবং শিকার করেছেন ৬৫টি উইকেট।

ক্যারিয়ারে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।

LEAVE A REPLY