‘মানুষ মনে করে ক্রিকেট খুব সহজ’—ম্যাচজয়ী ইনিংসের পর মাহমুদ উল্লাহ

ম্যাচসেরার পুরস্কার হাতে মাহমুদ উল্লাহ রিয়াদ। ছবি : মীর ফরিদ

আগের ম্যাচে শেষ বলে রান নিতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ব্যাট হাতে দুর্দান্ত জবাব দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। গতকাল শুক্রবার সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলেই দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচে শেষ বলে ব্যাট করতে নামেন মাহমুদ উল্লাহ।

তখন স্কোর ছিল সমান, জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান। রিপন মণ্ডলের বল থেকে স্ট্রাইক ঘোরাতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে রানআউট হন তিনি। পরে সুপার ওভারে হেরে যায় রংপুর, আর সেই হারের জন্য মাহমুদ উল্লাহকেও কাঠগড়ায় তোলা হয়।

শুক্রবার সিলেটের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর রাজশাহীর বিপক্ষে সেই ঘটনা নিয়ে মাহমুদ উল্লাহ বলেন, ‘ডেলিভার করার সময় কখনো হয়, কখনো হয় না।

তিনি আরো যোগ করেন, ‘মানুষ অনেক সময় মনে করে ক্রিকেট খুব সহজ। বিশেষ করে টি-টোয়েন্টিতে যারা লেট মিডল অর্ডারে ব্যাট করে, তারা খুব ভালোভাবেই জানে এই পজিশন কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ঝুঁকিপূর্ণ। এই ভূমিকায় ধারাবাহিকভাবে সফল হওয়া সহজ নয়। আপনি যদি দলের জন্য চেষ্টা করেন, কখনো সফল হবেন, কখনো ব্যর্থ হবেন।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বিপিএলের প্রথম রাউন্ডের নিলামে অবিক্রীত ছিলেন। পরে দ্বিতীয় রাউন্ডে বেস প্রাইসে রংপুর রাইডার্স তাকে দলে নেয়।

মাহমুদ উল্লাহ স্বীকার করেন, শুরুতে দল না পাওয়ায় তিনি ‘হতবাক’ হয়েছিলেন এবং রংপুর তার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান দিতে চান।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নিলাম দেখছিলাম এবং সত্যিই খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই-তিন বছরের পারফরম্যান্স আর পরিসংখ্যান দেখলে স্ট্রাইক রেট, গড় বা রান—সব দিক থেকেই আমি অনেক জাতীয় দলের ক্রিকেটারের চেয়ে এগিয়ে আছি বলে মনে করি।

‘শুরুর দিকে কেউ আমাকে নেয়নি, পরে তারা (রংপুর) এই সুযোগ দিয়েছে। আমি বিপিএলে খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি, দল মালিক, কোচ ও অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার তীব্র তাগিদ অনুভব করছি।’

LEAVE A REPLY