অগ্রিম বুকিংয়ে ১৭ কোটি ছাড়াল ‘রামায়ণ’

সংগৃহীত ছবি

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যে ১৭ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে।বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। তবে পাঁচটি বড় শহরের মধ্যে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতের ৬ হাজার ৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির মোট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮ লাখ রুপি। এ পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ৩৩ হাজার টিকিট।

মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। যার পরিমাণ ১৪ কোটি ১৭ লাখ রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ২ কোটি ৩৬ লাখ, তেলুগু থেকে ৪৯ লাখ ৬৯ হাজার এবং তামিল সংস্করণ থেকে ৫ লাখ ৪৯ হাজার রুপি আয় হয়েছে।

শহরভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় ৩ কোটি ৫ লাখ রুপি আয় নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর।২ কোটি ৮৫ লাখ রুপি আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে বেঙ্গালুরু। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার এই শহরেই সবচেয়ে বেশি, ১৬ শতাংশ। অন্যদিকে মুম্বাইয়ে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ রুপি। হায়দরাবাদে ৮৯ লাখ ৩৫ হাজার এবং কলকাতায় ৬৭ লাখ ৮৫ হাজার রুপি।

গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ছবিটির বিশ্ব প্রিমিয়ার।এরপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, রাবণের সাজে যশ, আবহসংগীত ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। ছবির বিশাল ব্যাপ্তির সঙ্গে কেউ কেউ তুলনা টেনেছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমারও।

দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এ ছাড়া হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।

LEAVE A REPLY