সংগৃহীত ছবি
বিমানবন্দরে তারকাদের ঘিরে আলোকচিত্রীদের ব্যস্ততা নতুন কোনো ঘটনা নয়। তবে ক্যামেরার সামনে সব সময় স্বস্তিতে থাকেন না তারকারা।এবার পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়ে আলোকচিত্রীদের ওপর চটেছেন মানুষী চিল্লার এবং সেসব ছবি মুছে দেওয়ার অনুরোধ করলেন ভারতীয় এই অভিনেত্রী।
মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় মানুষীকে। গাড়ি থেকে নামার পর হাসিমুখেই আলোকচিত্রীদের সামনে পোজ দেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি পাপারাজ্জিদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী।তবে বিমানবন্দরের ভেতরে ঢোকার সময় পরিস্থিতি বদলে যায়। মানুষীর পিছন দিক থেকে কয়েকজন আলোকচিত্রী ছবি তুলছিলেন। বিষয়টি চোখে পড়তেই তাদের থামিয়ে দেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন।পেছন থেকে তোলা ছবি দেবেন না।’
নিজের আপত্তির কথা জানানোর পরও আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন মানুষী। তাদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিদায় জানান এবং এরপর বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।
তারকাদের ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত স্বস্তি ও গোপনীয়তার বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে।বিশেষ করে অস্বস্তিকর দৃষ্টিকোণ থেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে বিভিন্ন তারকা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
মানুষীর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী এ ধরনের ছবি তোলার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন।











































