দুর্ঘটনার কবলে টটেনহামের দুই ফরাসি তারকা ফুটবলার

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগ মুহূর্তে টটেনহাম হটস্পারের দুই ফরাসি তারকা ফুটবলার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের এক সড়কে র‌্যান্ডাল কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্টের গাড়ির মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে। 

টটেনহাম আজ রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচ সামনে রেখে বিমানবন্দরে যাওয়ার পথে কোলো মুয়ানির গাড়িকে অনুসরন করে নিজের ফেরারি চালাচ্ছিলেন ওডোবার্ট।

দুর্ঘটনায় ওডোবার্টের গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এই বিষয়ে টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, ‘কোলো মুয়ানি এবং উইলসন ওডোবার্ট উভয়েই ঠিক আছে। তারা দুর্ভাগ্যবশত ছোট একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে সেখানে থাকা সবাই অক্ষত আছে।

তারা কিছুটা দেরিতে রাতে ভ্রমণ করবে।’ 

তবে সতর্কতা হিসেবে দুইজনের চেক-আপ সম্পন্ন করেছে দলের মেডিক্যাল স্টাফরা। 

কিছুদিন আগেই বড় ধরণের ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফরোয়ার্ড মুয়ানি। তাই তার দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন ছিল ক্লাব।

চ্যাম্পিয়নস লিগে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছে টটেনহাম। এরপরের টানা আটটি দলের অর্থাৎ ১৩ তম স্থান পর্যন্ত সবার ১৩ পয়েন্ট করে আছে। তাই এই ম্যাচের ফলাফলে নির্ভর করবে শেষ ষোলোর সরাসরি টিকিট। 

LEAVE A REPLY