ইউক্রেনে রুশ ড্রোন হামলায় একই পরিবারের চারজন নিহত

ছবিসূত্র : রয়টার্স

ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোগোদুখিভ শহরে রাশিয়ার এক ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় প্রসিকিউটর কার্যালয় এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রুশ সীমান্তের কাছে অবস্থিত বোগোদুখিভ শহরের একটি আবাসিক বাড়িতে ড্রোনটি আঘাত হানে। এতে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী এক মেয়ে শিশু, এক বছর বয়সী দুই যমজ ছেলে শিশু এবং তাদের ৩৪ বছর বয়সী বাবার মরদেহ উদ্ধার করা হয়। হামলায় গুরুতর আহত শিশুদের মা (যিনি আট মাসের গর্ভবতী) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাম্প্রতিক সময়ে খারকিভ অঞ্চলের সাধারণ মানুষের ঘরবাড়ি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ করে রুশ বাহিনী হামলা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের প্রায় চার বছর পার হতে চললেও এখনো কোনো যুদ্ধবিরতি হয়নি।তবে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সম্প্রতি দুই দেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে বৈঠক করেছেন। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হলেও চূড়ান্ত শান্তি চুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থার মতে, ২০২৫ সাল ছিল এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ বছর, যেখানে ২,৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করেছে যে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তবে এই নির্দিষ্ট হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY