সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা রণবীর সিংকে আবারও হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। শুক্রবার একটি ভয়েস নোটের মাধ্যমে তাকে সতর্ক করে বলা হয়েছে—তিনি যদি ‘লাইনে না আসেন’ তাহলে তার সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের হাতে আসা ওই ভয়েস বার্তায় নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেওয়া এক অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলেন, ‘কথা না রাখার শাস্তি কী হতে পারে, তা দেখিয়ে দেওয়া হবে।’
ভয়েস নোটে আরো দাবি করা হয়, রণবীরের ম্যানেজার থেকে শুরু করে তার অধীনে কাজ করা বিভিন্ন কর্মীর ব্যক্তিগত তথ্য তাদের কাছে রয়েছে।
তারা কোথায় থাকেন, কখন যাতায়াত করেন—সবই নাকি নজরে রাখা হচ্ছে। সরাসরি অভিনেতাকে আক্রমণ না করে তার টিমকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বার্তায় বলা হয়, ‘তুমি মানুষকে থানায় অভিযোগ করতে বলো। এখন তুমি নিজেই তা করেছ? সমস্যা নেই।এবার শোনো, তোমার অধীনে যারা কাজ করে, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। সরাসরি তোমাকে কিছু না করে আমরা তাদের দিয়েই শুরু করব।’
এই বার্তায় শুধু রণবীর নন, পরিচালক রোহিত শেঠি-র নামও উল্লেখ করা হয়েছে। এমনকি পুরো বলিউডকেই ‘সতর্ক’ থাকার বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রণবীর ও তার স্ত্রী দীপিকা পাড়ুকোন-এর মুম্বাইয়ের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। আবাসন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, দম্পতির বাড়ির বাইরে সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও রণবীর বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস











































