আন্তর্জাতিক মঞ্চ। চারদিকে হলিউডের বড় বড় অভিনেতাদের ভিড়। তার মাঝেও নজর কাড়লেন উপস্থাপিকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শরীরে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। মুখে হিন্দি ভাষা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র মঞ্চে দাঁড়িয়ে আলিয়া যেন প্রমাণ দিলেন তিনি ‘সাচ্চা ভারতীয়’। যদিও এর আগে মেটগালার লালগালিচা ও কানের মঞ্চ কাঁপিয়েছেন এ অভিনেত্রী। এবার বাফটায় নিজেকে প্রমাণ করলেন আলিয়া ভাট।
সামাজিক মাধ্যমে বাফটার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা গেছে— হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করেন আলিয়া। তিনি গড়গড় করে বললেন, ‘আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।’ অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়— ‘এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরেজিতে তৈরি নয়।’
এরপর অবশ্য তিনি নিজেও ইংরেজিতে বক্তব্য দেন। নিজের মাতৃভাষার প্রতি আলিয়ার আবেগে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাই নিমেষে ভাইরাল ভিডিওটি। সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাফটার মঞ্চে গুচির পোশাকে তাক লাগালেন অভিনেত্রী। রুপালি সিক্যুয়েন্সের হল্টার নেক গাউনে অনবদ্য কাপুরবধূ। সঙ্গে সাদা লোমশ স্টোল। সব মিলিয়ে যেন অনন্য রণবীর ঘরনি। কোন কোন হলিউড-বলিউড তারকা তার অনুপ্রেরণা, তা স্পষ্ট করেন আলিয়া। জানান কেশসজ্জার জন্য ফরাসি অভিনেত্রী ব্রিগিট বার্ডট, ইতালীয় মডেল-অভিনেত্রী মনিকা বেলুচির শরীরী ভঙ্গিমা এবং সৌন্দর্যের নিরিখে রেখার গুণমুগ্ধ তিনি। নিজের ছোট্ট মেয়ে রাহাই যে তার আসল অনুপ্রেরণা, তাও জানান আবেগঘন তারকা।
আলিয়া বলেন, আমি বারবার বলেছি অ্যাকশন শুনেই আমার জন্ম। ক্যামেরার সামনে দাঁড়াতে পারা আমার কাছে বড় আশীর্বাদ। অভিনয় জগতে আসতে পেরে আমি ধন্য। তবে সত্যি আমার আসল অনুপ্রেরণা ছোট্ট রাহা। একেবারে ফুলের মতো। সবে তিন বছর বয়স। কী সুন্দর আমার গানে নাচে। আমি যেন নিজেকে দেখতে পাই।
এর আগে ইতালিয়ান ব্র্যান্ড গুচির শাড়িতে কানের রেড কার্পেটে যেন ঝড় তুলেছিলেন অভিনেত্রী আলিয়া। তার আগে মেটগালার লালগালিচায় পশ্চিমা বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়েছিলেন তিনি। এবার বাফটায় নিজেকে প্রমাণ করলেন আলিয়া।










































