ব্র্যাকের বিপক্ষে স্কলার্সের ব্যাটিংয়ের মুহূর্ত।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব স্কলার্সের ঝড়ের শেষটা ভয়ংকর হয়নি। তবে যা হয়েছে তাতে কম কি?
এবিজি ইউনিভার্সিটি কাপে ব্র্যাক ইউনিভার্সিটিকে ২১৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্কলার্স।বড় রানের সংগ্রহে ফিফটি পেয়েছেন দুই ওপেনার আকাশ ও রাকিব আহমেদ।
চার-ছক্কার ঝড়টা দুই উদ্বোধনী ব্যাটারই শুরু করেছেন। পাওয়ার প্লেতে চালানো তাণ্ডবের কেন্দ্রীয় চরিত্র অবশ্য আকাশ। ইনিংসের শুরু থেকেই বলকে সীমানা ছাড়া করে ব্র্যাকের বোলারদের ওপর শাসন করেছেন তিনি।কতটা শাসন করেছেন তিনি, সেটা তার ইনিংসে ফুটে উঠেছে।
দলীয় ৯১ রানের সময় যখন আউট হন তখন আকাশের নামের পাশে ৭২ রান। ২৫৭.১৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ৭ ছক্কায়।
আকাশের বিদায়ের পর স্কলার্স নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রেখে দলকে ৬ উইকেটে ২১৫ রানের সংগ্রহ এনে দেন রাকিব।চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। স্কলার্সের ওপেনার ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৫ ছক্কায়। ব্র্যাকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দেবজ্যোতি ও নাফিস।







































