পাকিস্তানে পুলিশের গাড়িতে এলোপাতাড়ি গুলি, ডিএসপিসহ নিহত ৭

ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটের লাচি এলাকায় মঙ্গলবার একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশসহ (ডিএসপি) পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় পুলিশে কাছে আটক হওয়া দুই আটক ব্যক্তিও নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরো জানায়, ডিএসপি আসাদ মাহমুদ খানের নেতৃত্বে একটি দল আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল।

এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ করে পুলিশের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। 

আহত চারজনের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তাদের গুরুতর অবস্থায় কোহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর কোহাট পুলিশ দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠায়।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশ মহাপরিদর্শকের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে খাইবার পাখতুনখোয়া পুলিশ ফ্রন্ট লাইনে রয়েছে এবং তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলা পুলিশ বাহিনীর মনোবল ভাঙতে পারবে না।’

এর আগে খাইবার পাখতুনখোয়ায় সোমবার সকালে সিরিজ সন্ত্রাসী হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির তিন সদস্য নিহত এবং আরো অনেকে আহত হন।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

LEAVE A REPLY