পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এবার ঈদকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭ মার্চ পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পরদিন ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে।










































