ঈদের আনন্দ আর টেলিভিশনের পর্দার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় এবারের ঈদ বিশেষ পর্বটি সাজানো হয়েছে নানা তারকাবহুল আয়োজনে। আজ রবিবার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠানটি। এবার ঈদের বিশেষ ‘ইত্যাদি’ নির্মিত হয়েছে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর বহিরঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’-এর বিশেষ পরিবেশনা। এবারের অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। এ ছাড়া জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ গেয়েছেন একটি ব্যতিক্রমধর্মী গান।
চমক হিসেবে থাকছে অভিনেত্রী শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের দ্বৈত সংগীত।
এবারের নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ‘ইত্যাদি’র জনপ্রিয় অংশ ‘মিউজিক্যাল ড্রামা’তে রয়েছে নতুনত্ব। এতে ঈদ কেনাকাটা ও সামাজিক বাস্তবতা নিয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান।
অন্য একটি পর্বে দেখা যাবে তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে।
বরাবরের মতো দর্শকপর্বেও থাকছে বড় চমক। এবারের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়ে দর্শকদের আনন্দ দেবেন। ফাগুন অডিও ভিশনের নির্মাণে অনুষ্ঠানটির শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম ও সহকারী পরিচালনায় রানা সরকার ও মামুন মোহাম্মদ।










































