সহকর্মীদের আয়োজনে তৌকীর আহমেদের ছয় দশক উদযাপন

সংগৃহীত ছবি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদর ছয় দশকের জীবন ও সৃজনযাত্রা উদযাপনে বিশেষ আয়োজন করেছেন তার সহকর্মীরা। গত ৫ মার্চ ছিল এই গুণী শিল্পীর ৬০তম জন্মদিন। সেই উপলক্ষে আগামী ১৯ এপ্রিল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘সুহৃদ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’।

আয়োজনে সহযোগিতা করছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে সেমিনার, মতবিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী এবং মঞ্চনাটক।

সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শুরু হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার।

এতে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকেরা।

সেমিনার উপলক্ষে অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন তৌকীর আহমেদের চলচ্চিত্র নিয়ে, আর মাসুম রেজা লিখেছেন তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে।

বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা। প্রদর্শনী শেষে থাকবে মুক্ত আলোচনা, যেখানে অংশ নেবেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিরা।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই মঞ্চে মঞ্চায়িত হবে তৌকীর আহমেদ নির্দেশিত নাটক তীর্থযাত্রী। নাটকটি পরিবেশন করবে নাট্যকেন্দ্র।

অনুষ্ঠান উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক আহসান হাবিব নাসিম বলেন, “তৌকীর আহমেদের বহুমাত্রিক সৃজন ও কর্মকে স্মরণ করতে চাই আমরা। এ লক্ষ্যে আমরা তার বন্ধুরা এবং সহকর্মীরা সবাই মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি। তার প্রতি এ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অন্য শিল্পীরাও অনুপ্রাণিত হবেন এমনটাই প্রত্যাশা।

সহকর্মীদের এমন আয়োজনে আনন্দ প্রকাশ করেছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, “আমি মনে করি, যেকোনো মানুষের জন্য তার কাজটাই আসল। যখন তার কাজগুলো নোটিশ হয়, সেটা খুব অনুপ্রেরণামূলক। আমার কাজগুলো প্রদর্শিত হোক, মূল্যায়ন হোক বা সমালোচনা হোক—এটা সব সময় আনন্দের। এ রকম আয়োজন নিয়মিত হলে শিল্পীদের জন্য যেমন অনুপ্রেরণা হবে, তেমনি তাদের দায়বদ্ধতার জায়গাটা বাড়বে। এ ধরনের আয়োজন কোনো শিল্পীর দায়িত্ব বাড়িয়ে তোলে। এমন আয়োজনের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে।”

LEAVE A REPLY