সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গান গেয়ে পরিচিতি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের তরুণী মনামি রায়। নিজের কণ্ঠে আধুনিক বাংলা গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, হারানো দিনের গান, হিন্দি গান এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করে তিনি ইতিমধ্যেই সোশ্যালে প্রশংসা কুড়িয়েছেন।
বর্তমানে মনামি রায় ঠাকুরগাঁও ইকো কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি-২৬ পরীক্ষার্থী। পড়াশোনার ব্যস্ততার মাঝেও সুরের প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত গান পরিবেশন করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া এই তরুণী ছোটবেলা থেকেই নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন সাফল্যও। তবে সময়ের সঙ্গে সঙ্গে গানই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় পরিচয়।
সংগীতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু আখাউড়া শিল্পকলা একাডেমি থেকে।
সেখান থেকেই সঙ্গীতচর্চার ভিত গড়ে ওঠে। এরপর ভালোবাসা আর অনুশীলনকে সঙ্গী করে সময়-অসময়ে গান গেয়ে চলেছেন তিনি।









































