হালান্ডের কাছে গোল ব্যবধানের চেয়ে জয় গুরুত্বপূর্ণ

আর্লিং হালান্ডের উচ্ছ্বাস। ছবি: এক্স

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেছে বার্নলির। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা সেই দলের বিপক্ষে কাল রাতে স্রেফ ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। 

তবে এতে কোনো সমস্যা দেখছেন না আর্লিং হালান্ড। নরওয়েজীয় এই স্ট্রাইকারের কাছে জয়ই আসল ব্যাপার; গোল ব্যবধান নয়।

শক্তি, সামর্থ্যে বার্নলি যোজন-যোজন পিছিয়ে থাকলেও সিটির জন্য ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও স্নায়ুচাপের। জিতলে আর্সেনালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি ছিল। ম্যাচের ৫ মিনিটে হালান্ডের গোলে সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে পেপ গার্দিওলার দল। 

বার্নলির মাঠ টার্ফ মুরে শুরুতেই এগিয়ে যাওয়ার পর আরো অনেক সুযোগ তৈরি করে সিটি।

কিন্তু আর কোনো গোলের দেখা পায়নি দলটি। গোলের উদ্দেশ্যে ২৮টি শট নিয়ে নয়টি লক্ষ্যে রাখতে পারে তারা।

ম্যাচ শেষে হালান্ড জানান, তার কাছে জয়টাই গুরুত্বপূর্ণ; গোলের ধরন বা ব্যবধান নয়, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি, তবে সব কাজে লাগাতে পারিনি। তবু আমি খুশি।

কারণ জিতেছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতাই মূল ব্যাপার, সেটা যেভাবেই হোক। গোল নিয়ে ভাবার দরকার নেই, ম্যাচ জয়ের কথা ভাবুন।’

৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

আর্সেনালের পয়েন্টও ৭০ এবং গোল ব্যবধান সমান ৩৭। কিন্তু আর্সেনাল কম গোল করায় দুইয়ে নেমে গেছে। 

আগামী শনিবার এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে তাদের পরের ম্যাচ আগামী ৪ মে, প্রতিপক্ষ এভারটন।

LEAVE A REPLY