ইউরোপিয়ান ফুটবলে বড় ধরনের আলোড়ন তুলতে পারে এমন এক ট্রান্সফারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইংলিশ জায়ান্ট চেলসি এবার নাকি নজর দিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের দিকে।
ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টের বরাত দিয়ে ম্যাচডে সেন্ট্রাল জানিয়েছে, স্ট্যামফোর্ড ব্রিজে নতুন যুগ শুরু করতে বড়সড় পরিকল্পনা করছেন সদ্য নিয়োগ পাওয়া কোচ জাবি আলোনসো। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এমবাপ্পে।
সম্প্রতি চার বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদে কাজ করার সময় থেকেই এমবাপ্পের সামর্থ্য সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে তার।তাই ব্যক্তিগতভাবেও এই ফরাসি সুপারস্টারকে দলে টানতে আগ্রহী স্প্যানিশ কোচ।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল, সঙ্গে আছে ৭টি অ্যাসিস্ট। তার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ মিলিয়ন ইউরো বলে জানিয়েছে ট্রান্সফারমার্কেট।
তবে এই ট্রান্সফার বাস্তবায়ন করা সহজ হবে না। রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে ভবিষ্যৎ প্রকল্পের কেন্দ্রীয় অংশ হিসেবেই দেখছে। ফলে তাকে দলে টানতে হলে চেলসিকে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে হতে পারে।
তবু ইউরোপীয় ফুটবলে নতুন শক্তি হয়ে উঠতে মরিয়া চেলসি। আর এমবাপ্পের মতো তারকাকে দলে আনতে পারলে সেটি হবে ক্লাবটির ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার।










































