সিরিজ জিততে ১৯২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

মিরপুরে উইকেট বৃষ্টি শুরু করেছিলেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। তা দেখে যেন নিজেরও খেলতে ইচ্ছে করল বৃষ্টির।চাওয়া মাত্রই কাঁদল আকাশও। তাতে মারনাশ লাবুশানে-তাসকিনদের খেলা বন্ধ।

ইচ্ছে পূরণ করার পর নিজের কান্না থামিয়েছে বেরসকি বৃষ্টি। এবার খেলতে নামার অপেক্ষায় ক্রিকেটাররা।তবে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারছে না। বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে তারা। রান তাড়ায় বাংলাদেশ পাচ্ছে ৪১ ওভার।

৪১তম ওভারে তাসকিন টানা দুই উইকেট নেওয়ার পরের ওভারেই বৃষ্টি শুরু হয়।তাতে ৪২ ওভার শেষে ৮ ‍উইকেটে ১৮৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। বৃষ্টির কারণে পরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাবুশানে-নাথান এলিস। পেসার এলিসের ২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রান করেন লাবুশানে।

লাবুশানে প্রতিরোধ না গড়লে দুই শ ছুঁই ছুঁই স্কোর পাওয়া হতো না অস্ট্রেলিয়ার। শুরুতেই যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল অজিরা।প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করে শুরুটা করেন তাসকিন। 

ফিরতি ওভারে জোড়া আঘাত হানে মুস্তাফিজ। সতীর্থর মতোই মেডেন নেন বাঁহাতি পেসার। তাতে অস্ট্রেলিয়ার স্কোর শূন্য রানে ৩ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৮১ রান।

সেখান থেকে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-জাভিয়ের বার্টলেট। বার্টলেট ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসটি খেলেন ৫২ রানের। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ-তাসকিন।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর শূন্য রানে ১ উইকেট। ব্যাটিংয়ে আছেন দুই বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

LEAVE A REPLY