নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ছবি : রয়টার্স

ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না তারকা ফরোয়ার্ড নেইমারের।সবশেষ খবর অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই তারকা এখনো অনুশীলনে ফিরতে পারেননি। 

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর সূত্র মতে, এক সপ্তাহ আগে যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, সেটি আবারও করানো হচ্ছে নেইমারের। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ ইনজুরিতে (পেশির চোট) পড়েছিলেন তিনি।গ্রেড-টু পর্যায়ের এই চোট নিয়েই বিশ্বকাপের স্কোয়াডে ডাক পান তিনি, কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।

গত সোমবার নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারেও নেইমারকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে দেখা গেছে। মেডিকেল পরীক্ষার নতুন রিপোর্ট এখনো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, দলের মেডিকেল স্টাফরা নেইমারকে নকআউট পর্বের নকশায় রেখেই এগোচ্ছেন।ফলে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে এই পোস্টার বয়কে।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। আগামী শনিবার ভোর সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও অফিশিয়াল কিট বা জার্সিতে ছিলেন না নেইমার।

নেইমারের চোটের অবস্থা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে দ্রুতই সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে।’ 

স্কোয়াডে নেইমারের গুরুত্ব তুলে ধরে কোচ আরো যোগ করেন, ‘আমরা যখন ওকে দলে নিয়েছিলাম, ওর অবিশ্বাস্য টেকনিক্যাল সামর্থ্যের কথা মাথায় রেখেই নিয়েছিলাম। তবে মাঠের খেলার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে ওর অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের জন্য ভীষণ প্রয়োজন।’

LEAVE A REPLY