ছবি : জিজি
জাপানের টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে শিশুসহ প্রায় ১০ জন আহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। আজ শুক্রবার (১৯জুন) এ ঘটনা ঘটে।
টোকিওর কিতা এলাকার তাকিনোগাওয়া দাই-সান স্কুলের একটি সংগীত কক্ষে আগুন লাগে। এরপর ওপরের তলার জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ৭৫টি ফায়ার ইঞ্জিন এবং বেশ কয়েকজন দমকলকর্মীর সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয় এবং সকল ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
কিয়োডো নিউজ জানিয়েছে, আহত ১০ জনের বেশিরভাগই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং আরো চারজনকে স্কুলের ভেতর থেকে উদ্ধার করতে হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দমকলকর্মীরা মই ব্যবহার করে শিশুদের নিরাপদে নামিয়ে আনে। শিশুরা জানালা দিয়ে নিচের একটি কংক্রিটের কার্নিশে পালিয়ে গিয়েছিল।
ষষ্ঠ শ্রেণির এক শিশু বর্ণনা করেছে, ‘হঠাৎ ধোঁয়ার গন্ধ পাই। আমরা ভেবেছিলাম হয়তো কেউ রান্না করছিল… তারপর সাইরেন বেজে উঠল।’ তিনি জানালেন, কীভাবে তারা রুমাল দিয়ে মুখ ঢেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে স্কুলের মাঠে আশ্রয় নিয়েছিল।
ওই শিক্ষার্থী আরো বলেন, ‘আমরা দেখলাম সংগীত কক্ষটি আগুনে জ্বলছে এবং একটি বিকট শব্দ শুনতে পেলাম। এটা ছিল ভীতিকর এবং অনেক শিশুরা কাঁদছিল।’










































