বায়ে পন্থ ডানে জুরেল। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ভারত। চোট কাটিয়ে ঋষভ পন্থ এখনো পুরোপুরি ফিট হতে পারেনি।এতে ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা ১ম টেস্টে তাঁর খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর পন্থের এই চোটই কপাল খুলে দিতে পারে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের। চমৎকার ফর্মে থাকা ধ্রুবকে প্রথম টেস্টের একাদশে উইকেটকিপার হিসেবে খেলানোর সম্ভাবনা বেড়ে গেল।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, কিউয়িদের বিরুদ্ধে মূল লড়াইয়ে নামার আগে কয়েকজন খেলোয়াড় চারদিনের টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি সারছেন।আশা করা হয়েছিলো ৭ নভেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় চারদিনের ম্যাচে মাঠে ফিরবেন ঋষভ পন্থ। কিন্তু চোট পুরোপুরি না সারায় এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য বিসিসিআইয়ের মেডিকেল টিমের কাছ থেকে এখনো সবুজ সংকেত পাননি এই তারকা ক্রিকেটার। ফলে প্রথম টেস্টের আগে তাঁর ম্যাচ প্র্যাকটিসের সুযোগটি হাতছাড়া হলো।
ইরানি কাপের ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন পন্থ। তারপর থেকেই বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁর ফিটনেসের ওপর কড়া নজর রাখছে। বর্তমানে তিনি স্কিল ট্রেনিং শুরু করেছেন এবং ব্যাটিং বা উইকেটকিপিংয়ের সময় কোনো ব্যথা অনুভব করছেন না। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ।
মাঠে নামার আগে পন্থকে আরো ৩-৪টি কঠিন প্র্যাকটিস সেশন পার করতে হবে, যেখানে তাঁর ম্যাচ-ফিটনেস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তবেই ফেরার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি খেলতে না পারায় পন্থের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি রয়ে গেল। প্রথম টেস্টের আগে তিনি ফিট হয়ে উঠলেও সরাসরি মূল ম্যাচে নেমে ওখানকার তীব্র হাওয়া ও উইকেটের সুইংয়ের সঙ্গে মানিয়ে নেওয়া পন্থের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
ঠিক এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতীক হয়ে উঠছেন ধ্রুব জুরেল। ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাকিয়ে দলকে বিপর্যয় থেকে বাঁচিয়েছে ধ্রুব। তাঁর এই চমৎকার ফর্ম এবং নিখুঁত উইকেটকিপিং দক্ষতার কারণে, পন্থের জায়গায় বিকল্প হিসেবে প্রথম একাদশে ধ্রুব জুরেলের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।











































