ছবি : রয়টার্স
লিওনেল মেসিকে শুরুর একাদশে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে অধিনায়কের অনুপস্থিতি একটুও টের পেতে দিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে জর্ডানের বিপক্ষে লিড নিয়েছে লিওনেল স্কালোনির দল।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ৮২ শতাংশ বলের দখল ছিল আলবিসেলেস্তেদের। একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণকে চাপে রাখে তারা।
৭ মিনিটে লো সেলসো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এরপর ১৯ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি এই মিডফিল্ডার। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এর আগে ১৭ মিনিটে জর্ডানের তাহা লো সেলসোকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন।সেই ফাউলের পর পাওয়া ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।
এরই মধ্যে নকআউট নিশ্চিত করে ফেলায় এই ম্যাচে মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।










































