মেসিকে নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : রয়টার্স
বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর কথা ছিল লিওনেল মেসির। কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে উত্তরসূরিদের খেলা দেখায় মজে থাকার কথা ছিল তার।কিন্তু মেসি অন্য ধাতুতে গড়া।
বয়স ৩৯ হওয়ার পরেও বুটজোড়া তুলে রাখেননি মেসি। খেলে যাচ্ছেন তিনি। শুধু খেলছেন বললে অবশ্য ভুল হবে।প্রতিপক্ষকে নিয়ে ‘ছেলেখেলা’ খেলছেন তিনি। পায়ের জাদুতে সবাইকে বিমোহত করে রাখছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। ঠিক যেন তরুণ বয়সের মেসি।
অন্যদের এ নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও নেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে।তার মনে হচ্ছে, তরুণ মেসিকেই আবার দেখার সুযোগ পেয়েছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, ‘মেসির খেলা দেখে মনে হচ্ছে তার বয়স ১৯ কিংবা ২৩ বছর। সে অসাধারণ নৈপুণ্যের প্রদর্শন করছে। এখন শুধু আর পরিপক্বতায় নয়, সব কিছুর ঊর্ধ্বে তার নিষ্ঠা।’
সে শুধু খেলোয়াড়দের কাছেই নয়, ফুটবলপ্রেমীসহ সবার সামনেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।ফুয়েন্তা বলেছেন, ‘সে অক্লান্ত, কখনোই সন্তুষ্ট হয় না। প্রতিটা দিন সব সময় আরো বেশি কিছু চায়। সে তার সতীর্থ, ফুটবলপ্রেমী এবং যারা এই খেলায় মাত্র পথচলা শুরু করেছে, তাদের সবার জন্য এক অনন্য দৃষ্টান্ত।’
ভুল বলেননি ফুয়েন্তা। হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে গোলের তালিকায় শীর্ষে মেসি। সমান ৮ গোলে অবশ্য তার সঙ্গী আছেন কিলিয়ান এমবাপ্পেও। তার দুর্দান্ত পারফরম্যান্স কাতার বিশ্বকাপকেই মনে করাচ্ছে। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি।











































