ব্রাজিলকে বলা হয় ফুটবলের দেশ। সেই দেশের মানুষেরই এখন ফুটবলে অরুচি! সম্প্রতি এক জরিপে উঠে এসেছে, ব্রাজিলের ৩৬ শতাংশ মানুষের ফুটবল নিয়ে একদমই আগ্রহ নেই। ২০২৩ সালে ২৮ শতাংশ মানুষ ফুটবলে অনাগ্রহী ছিলেন। অর্থাৎ টানা ব্যর্থতায় পাল্লা দিয়ে সমর্থকও কমছে ব্রাজিলের।
এর কারণ হিসাবে রয়েছে বেশ কয়েকটি দৃশ্যমান ইস্যু। টানা ব্যর্থতায় বিপর্যস্ত দল, গড়ে উঠছে না একা হাতে দলকে টেনে নিয়ে যাওয়া কোনো তারকা; ভক্তরাও নিতে শুরু করেছে মুখ ফিরিয়ে। দিনশেষে সমর্থনের সঙ্গে সাফল্যের সম্পর্ক যে সমানুপাতিক।
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। এর রেশ দর্শকদের মধ্যেও পড়েছে। ফুটবল নিয়ে ব্রাজিলীয়দের আগ্রহ দিনকে দিন কমছে, গত তিন বছরে যা কমেছে উল্লেখযোগ্য হারে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পরই, ডাটাফোলহার এই জরিপের জন্য তথ্য সংগ্রহ করা হয়। ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার প্রায় দুই হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়, যাদের বয়স ছিল ১৬ বছর কিংবা তার চেয়ে বেশি।
এতে উঠে এসেছে, ৬৪ শতাংশ ব্রাজিলীয় এখনো ফুটবল দেখেন। এর মধ্যে ২৮ শতাংশ দর্শক ফুটবলে অনেকটাই আগ্রহী, ৩৫ শতাংশ মানুষের সামান্য কিছু আগ্রহ আছে আর বাকি ৩৬ শতাংশ মানুষের ফুটবল নিয়ে একদমই আগ্রহ নেই।
ফুটবলের দেশ ব্রাজিলে এই অবস্থা, বিষয়টা যেন অভাবনীয়। এর আগে, ২০২৩ সালেও একই জরিপ চালানো হয়েছিল। ২০২৩ সালের সেই জরিপে ২৮ ভাগ মানুষ ফুটবলে অনাগ্রহী ছিলেন।











































