অন্দরসজ্জা বা ঘরের শোভা বাড়াতে মানিপ্লান্টের জুড়ি মেলা ভার। পানি হোক কিংবা মাটি—খুব একটা বেশি ঝামেলা ছাড়াই যেকোনো পাত্রে দিব্যি বেড়ে ওঠে এই গাছ।অতিরিক্ত যত্নের প্রয়োজন না পড়লেও, মাঝে মাঝে গাছটি কেমন যেন ঝিমিয়ে পড়ে। বাড়ে তো না-ই, বরং পাতা ছোট হয়ে হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে।
মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই মানিপ্ল্যান্টের বৃদ্ধি আটকে যায়। আর এই সমস্যার খুব সহজ একটি সমাধান লুকিয়ে রয়েছে এক চিমটে লবণের মধ্যে।তবে রান্নার লবণ নয়, গাছের গোড়ায় জাদুকরি কাজ করতে পারে ‘ইপসম সল্ট’ বা ম্যাগনেশিয়াম সালফেট।
ইপসম সল্ট মানিপ্লান্টের জন্য কেন এত উপকারী
ক্লোরোফিলের উৎপাদন বাড়ায়: ইপসম সল্টে থাকা ম্যাগনেশিয়াম গাছের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। এটি গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে সচল রাখে এবং পাতার সবুজ রং টিকিয়ে রাখে।
পুষ্টি শোষণে সাহায্য করে: অনেক সময় গাছ মাটি থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন ও ফসফরাস ঠিকমতো শোষণ করতে পারে না।ইপসম সল্ট সেই পুষ্টি উপাদানগুলো গাছ পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে।
পাতা হলুদ হওয়া রোধ করে: পুষ্টির অভাবে মানিপ্ল্যান্টের পাতা দ্রুত হলুদ হয়ে যায়। ইপসম সল্ট এই সমস্যা দূর করে পাতা সতেজ ও ঝরঝরে রাখে।
গাছের দ্রুত বৃদ্ধি: নিয়মিত সঠিক নিয়মে ইপসম সল্ট ব্যবহার করলে মানিপ্ল্যান্ট খুব ভালো বাড়ে এবং গাছের ডালপালা দ্রুত প্রশস্ত হয়।
ব্যবহারের নিয়ম :
একটি স্প্রে বোতলে এক লিটার পানি নিয়ে তাতে ১ চামচ ইপসম সল্ট ভালোভাবে মিশিয়ে নিন।এবার এই মিশ্রণটি গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করে দিন। ঘন ঘন নয়, বরং ৩ থেকে ৪ মাস অন্তর মাত্র একবার এই মিশ্রণ ব্যবহার করলেই মানিপ্ল্যান্ট আগের চেয়ে অনেক দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে।







































