ছবি : এআই
মাঝমাঠে হামজা চৌধুরীর রাজত্ব, আর উইং দিয়ে প্রতিপক্ষের বক্সে ফারহান আলী ওয়াহিদের ক্ষিপ্র আক্রমণ দেখা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বহুদিনের স্বপ্ন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে এই জুটিকে জাতীয় দলের জার্সিতে একসঙ্গে দেখার প্রহর গুনছে লাল-সবুজের সমর্থকরা।তবে স্বপ্নের সে দৃশ্য দেখার আগেই এক নাটকীয় মোড়! জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করার আগে মাঠের লড়াইয়ে দুজন দাঁড়াচ্ছেন একে অপরের ঠিক মুখোমুখি।
আগামী ২২ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় রাত ১২টা) ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হচ্ছে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। এ ম্যাচেই লেস্টারের নীল জার্সিতে নামবেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের হয়ে গতি ঝড় তুলতে প্রস্তুত ফারহান।
জাতীয় দল নয়, নিজ নিজ ক্লাবের জয় নিশ্চিত করতেই মাঠে নামবেন দুজনে।তবে ম্যাচের মূল রোমাঞ্চ ছড়াবে গ্যালারি আর টিভির পর্দায় থাকা হাজারো বাংলাদেশি ভক্তদের হৃদয়ে। ইংলিশ ফুটবলের মাঠে দুই বাংলাদেশির মুখোমুখি হওয়ার এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে উচ্ছ্বসিত ফারহান নিজেও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচটির গুরুত্ব তুলে ধরে এই তরুণ লেফট উইঙ্গার আগাম পোস্ট দিয়ে তৈরি করেছেন নতুন এক আবহ।
হামজা চৌধুরী মানেই অভিজ্ঞতার ঝুলিতে প্রিমিয়ার লিগে খেলা আর এফএ কাপ জয়ের গর্ভগাথা।জাতীয় দলের জার্সিতে নামার পর থেকেই বাংলাদেশের মাঝমাঠ যেন এক নতুন প্রাণ পেয়েছে। শুধু গেমমেকিং নয়, তার উপস্থিতি আর নেতৃত্বের গুণাবলীতেই বদলে গেছে লাল-সবুজের ফুটবল ছন্দ।
অন্যদিকে ফারহানের গল্পটা সম্ভাবনার, এক নতুন ভোরের। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে চোখধাঁধানো পারফরম্যান্সের সুবাদে ফুটবল অঙ্গনে জোর আলোচনায় রয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ। দারুণ গতি, নিখুঁত ড্রিবলিং আর ক্ষিপ্র আক্রমণের ক্ষমতা দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের আক্রমণভাগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।সাফের আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাকে বাফুফের লাল-সবুজ জার্সিতে নিয়ে আসার জোরালো প্রক্রিয়া চলছে।








































