ছবি : রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনাকে বরখাস্ত করেছেন। সোমবার এক অধ্যাদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।গত মাসে সরকারে রদবদলের পর এ পদক্ষেপটি অনেকটাই প্রত্যাশিত ছিল।
স্টেফানিশিনার বরখাস্তের ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন রাশিয়ার হামলা মোকাবেলায় আরো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যুক্তরাষ্ট্রের কাছে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার পদত্যাগপত্রও প্রকাশ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তার দাবি, ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি ইউক্রেনের জন্য কঠিন হয়ে উঠলেও দেশটি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এবং সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে।
স্টেফানিশিনা আগে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ছিলেন। গত বছরের জুলাইয়ে তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন মার্কিন অস্ত্র, সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অতীতে বেশ টানাপোড়েনপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ইউক্রেনের প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দুর্নীতি দমন সংস্থা স্টেফানিশিনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করছে।তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। গত মাসে সরকারে রদবদলের পরও জেলেনস্কি এখনো ঘোষণা করেননি, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে।










































