গত ১০ বছরের কার্যক্রমের প্রশংসা করে ইনফান্তিনোর পাশে দাঁড়াল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। উয়েফা ও কনকাকাফসহ একাধিক বড় কনফেডারেশন যখন তাকে সরানোর সুর চড়াচ্ছে, ঠিক তখনই ফিফা প্রধানের পাশে এসে দাঁড়িয়েছে আর্জেন্টিনা।বিতর্ক সত্ত্বেও ইনফান্তিনোর নেতৃত্বেই ফুটবলের উন্নয়ন বজায় রাখা সম্ভব বলে মনে করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সম্প্রতি ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একাংশ বিক্রি করার একটি পরিকল্পনা প্রস্তাব করেন ইনফান্তিনো, যা নিয়ে বিশ্ব ফুটবলে তোলপাড় শুরু হয়। উদ্ভূত পরিস্থিতির মুখে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসে ক্ষমা চায় ফিফা। তবে আগামী বছরের ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা ইনফান্তিনোর ওপর থেকে আস্থা প্রত্যাহার করতে শুরু করেছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মতো বেশ কয়েকটি প্রভাবশালী দেশ।

এমন প্রেক্ষাপটে ইনফান্তিনোকে খোলা চিঠিতে সমর্থন নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এএফএ এক বার্তায় জানায়, গত এক দশক ধরে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ফিফার কার্যক্রম প্রশংসনীয়।

প্রস্তাবটি নিয়ে ভুলভ্রান্তি এবং ধোঁয়াশা তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে এএফএ বলেছে, ‘এই প্রস্তাবটি অনেক অনিশ্চয়তা তৈরি করেছিল এবং প্রক্রিয়াগত কিছু ভুলও হয়েছিল। তবে আমরা মনে করি, বর্তমান নেতৃত্বের অধীনেই আগামী বছরের কংগ্রেসকে সামনে রেখে সংকট কাটিয়ে একযোগে কাজ করে যাওয়া উচিত।’

এর আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানায়, ২১১টি সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো অপচেষ্টা তারা প্রত্যাখ্যান করবে। আর্জেন্টিনার পাশাপাশি সদ্য সমাপ্ত বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো এবং আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্যাফও ফিফা প্রধানের প্রতি নিজেদের সমর্থন বজায় রেখেছে।

তবে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা ফিফা আয়োজিত টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’ পুরো ঘটনাকে ফিফা প্রধানের ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে আখ্যা দিলেও ফিফা দাবি করেছে, তাদের এই পদক্ষেপ কোনো মূল বিধান লঙ্ঘন করেনি, তবে যোগাযোগগত কিছু ভুল ছিল।

LEAVE A REPLY