সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহণ ও বেঙ্গল পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত উভয় বাসের চালক কৌশলে পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে।
এদিকে দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নিজ লেনে স্বাভাবিক গতিতে চলছিল ইউনিক পরিবহণের বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহণের একটি বাস সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ভুল লেনে উঠে পড়ে। মুহূর্তের মধ্যেই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার প্রাথমিক তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনার বিষয়ে সিলেটের শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, সকালে মহাসড়ক তুলনামূলক ফাঁকা থাকায় দুটি বাসই অতিরিক্ত গতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকদের ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানো এবং ওভারটেকিংয়ের সময় বেপরোয়া গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া দুই চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










































