শুধু হেড নন, অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেরাটা দিতে চান তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দিতে চান তাসকিন। ফাইল ছবি

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন ট্রাভিস হেড। তারই পুরস্কার হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান ডোনাল্ড মেডেল জিতেছেন বাঁহাতি ওপেনার।সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডকে হারানোর পথে ৩ সেঞ্চুরিতে সর্বোচ্চ ৬২৯ রান করেন তিনি। 

হেডের বিধ্বংসীরূপকে সামলানোর প্রথম দায়িত্ব থাকবে তাসকিন আহমেদের। দীর্ঘ সংস্করণে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিতে যার বেশ সুনাম। আসন্ন দুটি টেস্টের সিরিজে বাঁহাতি ওপেনারকে কিভাবে থামাতে চান সেটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশি পেসার।

হেডকে থামাতে নিজের প্রসেসেই বিশ্বাস রাখতে চান তাসকিন। ৩১ বছর বয়সী পেসার বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে এটি এখনো ব্যাট ও বলের খেলা। কয়েক বছর ধরে যেভাবে করে আসছি, আমি আমার প্রক্রিয়া অনুসরণ করব।সহজ হবে না, তবে আমি আমার প্রক্রিয়ায় থাকব এবং দেখি কী হয়।’

শুধু হেড নন, অস্ট্রেলিয়া দলের বিপক্ষেই ভালো ক্রিকেট খেলতে চান তাসকিন। তিনি বলেছেন, ‘খুব বেশি দেখিনি (সর্বশেষ অ্যাশেজ)। তবে নির্দিষ্ট একটি দিনে বিষয়টি কন্ডিশন এবং পিচ কিভাবে আচরণ করছে, তার ওপর নির্ভর করে। আমরা অবশ্যই প্রতিটি ব্যাটারের জন্য পরিকল্পনা নিয়ে আসব।মাঠে সেটি কিভাবে বাস্তবায়ন করতে পারছি, তার ওপরই সবকিছু নির্ভর করবে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে।’

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন তাসকিন। সিরিজ খেলতে পারার গর্ব নিয়ে তিনি বলেছেন, ‘স্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যিই সম্মানিত। কোনো সন্দেহ নেই, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় দল। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের এবং দলের সব খেলোয়াড়ের জন্য গর্বের মুহূর্ত। নিঃসন্দেহে সিরিজটি আমাদের জন্য সহজ হবে না। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে আমরা খুব ভালো করতে চাই।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী ১৩ আগস্ট, ডারউইনে। দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে। শুরু হবে ২১ আগস্ট।

LEAVE A REPLY