বলিউডের অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্ক পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের। শুটিংয়ে শাহরুখ কোনো ভুল করলে তাকে বকতে দ্বিধা করতেন না ফারাহ।বরং অভিনেতা নিজেই তাকে বলেছিলেন, ভুল হলে যেন সবার সামনেই তাকে ধমক দেন। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফারাহ।
নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদির সঞ্চালনায় ‘ডাবল ডেট’ টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ খান ও টেনিস তারকা সানিয়া মির্জা। সেখানে শাহরুখ ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।
ফারাহ জানান, শাহরুখ কোনো নির্দেশনা না মানলে তাকে সরাসরি বকতে পারতেন তিনি। এ বিষয়ে শাহরুখ নিজেই তাকে উৎসাহ দিয়েছিলেন। অভিনেতার পরামর্শ ছিল, কোনো ভুল করলে যেন ফারাহ সবার সামনেই তাকে বকেন। এতে সেটের অন্যরাও বুঝতে পারবেন, প্রয়োজনে একজন সুপারস্টারকেও ধমক দেওয়া যায়।
শাহরুখের সেই কথার স্মৃতিচারণা করে ফারাহ বলেন, ‘তুমি আমাকে বকবে। যা বলার, চিৎকার করেই বলবে। তাহলে সবাই বুঝবে, তুমি যখন শাহরুখকেও বকতে পারো, তখন নিশ্চয়ই তোমার সাহস অনেক।’
২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার কাজের সময় এমন অভিজ্ঞতা হয়েছিল ফারাহর। ছবিটির ‘সে শাভা শাভা’ গানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, কাজল ও রানি মুখার্জিকে দেখা যায়।ফারাহ জানান, একবার নাচের একটি স্টেপ নিজের মতো করে বদলে ফেলেছিলেন শাহরুখ। তখন তাকে বলেছিলেন, ‘শাহরুখ, স্টেপ বদলানোর সাহস হলো কিভাবে? আমি যেভাবে শিখিয়েছি, সেভাবেই করো।’
তবে শাহরুখকে খুব বেশি বকতে হয়নি বলেও জানান ফারাহ। তার মতে, শাহরুখ তার দেখা সবচেয়ে মিষ্টি, ভালো ও পরিশ্রমী অভিনেতাদের একজন।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ফারাহ জানান, শাহরুখকে অনায়াসে বকতে পারলেও অমিতাভকে কখনো ধমক দেওয়ার সাহস পাননি তিনি।
শাহরুখের সঙ্গে ফারাহর প্রথম কাজ ১৯৯৪ সালের ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায়। এরপর ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। ছবিটির নায়ক ছিলেন শাহরুখ। পরে ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।










































