এনদ্রিকের ক্লাবে থাকা নিয়ে রিয়ালের নতুন সিদ্ধান্ত

ছবি : রয়টার্স

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক দিনের গুঞ্জনের অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। তাকে আবারও ধারে অন্য ক্লাবে পাঠানো হচ্ছে—এমন চাউর উঠলেও আপাতত এই ২০ বছর বয়সী তারকাকে ছাড়ার কোনো ইচ্ছে নেই স্প্যানিশ জায়ান্টদের।বরং নতুন মৌসুমে এনদ্রিককে নিজেদের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই রেখে দিচ্ছে রিয়াল। আর এ ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে লস ব্লাঙ্কোদের নতুন বস হোসে মরিনহোর আকাশচুম্বী আস্থা। 

২০২৬-২৭ ফুটবল মৌসুমের শুরুতে এনদ্রিককে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দলবদলের দরজা খোলা থাকলেও এই ব্রাজিলিয়ানকে নিয়ে অন্য কোনো ক্লাবের সাথে আলোচনায় বসতেই নারাজ তারা।বরঞ্চ নতুন মৌসুমে তাকে পুরো সুযোগ দিয়ে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে গড়ে তোলার ছক কষছে মাদ্রিদের ক্লাবটি।

এনদ্রিকের ওপর রিয়ালের নতুন স্পেশাল ওয়ান হোসে মরিনহোর অটল বিশ্বাসই মূলত মোড় ঘুরিয়ে দিয়েছে সবকিছুর। অনুশীলনে পর্তুগিজ এই মাস্টারমাইন্ডকে রীতিমতো মুগ্ধ করেছেন এন্দ্রিক। কেবল সেন্টার ফরোয়ার্ড হিসেবেই নয়, মরিনহো তাকে ডান উইংয়েও পরখ করে নেওয়ার চিন্তা করছেন।

স্প্যানিশ নামজাদা ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনেও উঠে এসেছে এই নতুন মেরুকরণের চিত্র। রিয়াল কর্তৃপক্ষের বিশ্বাস, চলতি মৌসুমেই সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন তারা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সব রসদ রয়েছে এনদ্রিকের। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, কার্লোস এসপি, আরদা গুলার ও ব্রাহিম দিয়াজদের মতো তারকাদের ভিড়ে প্রতিযোগিতা তুঙ্গে থাকলেও এন্দ্রিককে ট্রাম্পকার্ড হিসেবেই দেখছেন মরিনহো ও তার সাপোর্ট স্টাফরা।

এমনকি গুঞ্জন উঠেছিল এনদ্রিককে নাকি অন্য কোনো ক্লাবে আবার লোনে পাঠানো হতে পারে, সেটিও আপাতত এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। রিয়ালের বার্তা একদম পরিষ্কার—খেলোয়াড় নিজে থেকে ক্লাব ছাড়তে না চাইলে তাকে কোথাও পাঠানো হচ্ছে না।এমনকি ক্লাবের আস্থার বড় প্রমাণ হিসেবে নতুন মৌসুমে তার গায়ে উঠেছে ঐতিহ্যবাহী ‘৯ নম্বর’ জার্সি।

যদিও চিত্রটি কিছুদিন আগেও এতটা আশাব্যঞ্জক ছিল না। গত জানুয়ারিতে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে রিয়াল ছেড়ে ধারে ফরাসি ক্লাব লিওঁতে পাড়ি জমাতে হয়েছিল এনদ্রিককে। তৎকালিন কোচ জাবি আলোনসোর অধীনে বেঞ্চে বসে কাটাতে হচ্ছিল তাকে। সামনে বিশ্বকাপের মহাযজ্ঞ থাকায় নিয়মিত খেলার কোনো বিকল্প ছিল না এই উদীয়মান তারকার সামনে। লিওঁতে গিয়ে ঠিক সেই সুযোগটিই পান তিনি এবং দ্রুতই ফিরে পান নিজের চেনা ছন্দ।

লিওঁর জার্সিতে ২১ ম্যাচের ১৯টিতেই শুরুর একাদশে ছিলেন এনদ্রিক, যেখানে ৮টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭ গোল। ফ্রান্সে এন্দ্রিকের এই দ্যুতি ছড়ানো পারফরম্যান্সই মূলত রিয়ালের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ক্লাব মনে করছে, ধারের এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ব ও প্রস্তুত করে তুলেছে।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে প্রায় ৭ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে মাদ্রিদে পা রেখেছিলেন এনদ্রিক। তবে যাত্রাটা মসৃণ ছিল না। প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে ৩৭ ম্যাচে মাঠে নামলেও একাদশে জায়গা হয়েছিল মাত্র ৮ বার, যার মধ্যে তিনি করেন ৭ গোল।

পরের মৌসুমে জাবি আলোনসোর কোচিংয়ে প্রথমার্ধে চরম উপেক্ষার শিকার হতে হয় তাকে; মাঠে নামেন মাত্র তিন ম্যাচে, যার মধ্যে গোল ছিল শূন্য। যার ফলে জানুয়ারিতে ফ্রান্সের বিমানে চড়তে বাধ্য হন এনদ্রিক। 

LEAVE A REPLY