বাংলাদেশে আসছেন ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

ম্যারাডোনার সঙ্গে ক্যানিজিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও ডিয়েগো ম্যারাডোনার একসময়ের সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই ফরোয়ার্ড।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল (বিআইটি) ও ঢাকা নৌবাহিনী কলেজ। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সী ক্লদিও ক্যানিজিয়া। ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন অবদান রাখা ক্যানিজিয়া এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন ক্যানিজিয়া।আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। তার মতো একজন কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

বাংলাদেশ সফরকালে ক্যানিজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন।বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল। 

খেলা শেষে অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে।
এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন হবে।

LEAVE A REPLY