ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার এই পিচে খেলেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পৌনে দুই দিনেই শেষ হয়েছে। মাত্র ১২৫ ওভারেই পড়েছে ৩০ উইকেট।এত দ্রুত ম্যাচ খেলা শেষ হওয়ার পরও এই পিচ সর্বোচ্চ মানের রেটিং পেতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার ক্রীড়াবিষয়ক চ্যানেল সেভেন স্পোর্টসের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে ‘খুব ভালো’ রেটিং দিতে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে রেটিং কার্যকর হওয়ার আগে আইসিসির অনুমোদন লাগবে।
ম্যাচের পিচকে চারভাবে মূল্যায়ন করে আইসিসি—খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক ও খেলার অনুপযোগী।অর্থাৎ, ‘খুব ভালো’ রেটিংই সর্বোচ্চ।
এই রেটিংয়ের অর্থ হলো ম্যাচের শুরুতে পিচে ভালো বাউন্স থাকবে, সিম মুভমেন্ট থাকবে সীমিত এবং বাউন্স হবে ধারাবাহিক। অর্থাৎ ব্যাটার-বোলার দুই পক্ষের জন্যই লড়াইয়ের সুযোগ থাকবে।
অথচ এই পিচেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়েছে।অস্ট্রেলিয়া তাদের একমাত্র ইনিংসে করেছে ২১০ রান; জিতেছে ইনিংস ও ৫১ রানে। ১০ উইকেট নিয়ে ম্যাচের মূল নায়ক ছিলেন মিচেল স্টার্ক।
পিচ নিয়ে অবশ্য অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের কোনো অভিযোগ নেই। গতকাল ম্যাচ শেষে হ্যাজলউড বলেছেন, ‘আমি মনে করি না এই ম্যাচ দুই দিনেই শেষ হওয়ার কথা ছিল। প্রথম দিন সকালে কিছুটা সিম মুভমেন্ট ছিল, যা বেশির ভাগ টেস্টেই দেখা যায়।কিন্তু বলের চকচকে ভাব চলে যাওয়ার পর বোলাররা খুব বেশি সুবিধা পাচ্ছিল না। আমার মনে হয়েছে, এটি দুই দিনে শেষ হওয়া ম্যাচের পিচের চেয়ে ভালো ছিল।’
দুই দিনে টেস্ট শেষ হলেও পিচের সর্বোচ্চ রেটিং পাওয়ার ঘটনা নতুন নয়। সর্বশেষ অ্যাশেজ সিরিজে পার্থ টেস্টও দুই দিনে শেষ হয়েছিল এবং সেই পিচও ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল।









































