ছবি : রয়টার্স
লিওনেল মেসির অর্জনের খাতা রেকর্ডের সোনালী পাতায় ঠাসা। তবে এবার ক্যারিয়ারে এক অস্বস্তিকর রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে আর্জেন্টাইন জাদুকর।ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর এবার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম জয়হীন ধারায় পৌঁছে যাওয়ার শঙ্কা জাগছে তার সামনে।
আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে জয়ের মুখ না দেখলে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার লজ্জার রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন মেসি।
মায়ামির সাম্প্রতিক সময়টা কাটছে চরম হতাশায়।সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলের ধাক্কা খাওয়ার আগে টানা তিন ম্যাচে জয় অধরা ছিল তাদের। সব মিলিয়ে শেষ চার ম্যাচে জয়ের দেখা পাননি মেসিরা।
অবশ্য দল না জিতলেও নিজের চেনা ছন্দে আড়াল হননি আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শেষ চার ম্যাচে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।কিন্তু মেসির সেই একক নৈপুণ্যও দলটির কপাল ফেরাতে পারেনি।
এর আগে ২০১৩ সালে বার্সেলোনায় খেলার সময় ক্যারিয়ারের সবচেয়ে বড় খরায় পড়েছিলেন মেসি। সেবার টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল কাতালানরা, যার মধ্যে চারটি ড্র ও একটিতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। মন্ট্রিয়েলের বিপক্ষে পয়েন্ট হারালেই দীর্ঘ ১৩ বছর পর আবারও সেই পাঁচ ম্যাচের তিক্ত অভিজ্ঞতায় ফিরতে হবে মহাতারকাকে।
২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার বাজে স্মৃতি রয়েছে মায়ামির।তবে সেবার দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছিল তারা। এবারও সেভাবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় মায়ামি শিবির।
দলের এই জয়খরা ও মাঠের ব্যর্থতার নেপথ্যে সবচেয়ে বড় অনুঘটক রক্ষণের কঙ্কালসার অবস্থা। ২০২৬ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত প্রতিপক্ষকে গোলবঞ্চিত রেখে একটি ম্যাচও শেষ করতে পারেনি মায়ামির রক্ষণভাগ।










































